কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১৬ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:১২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) কারাবন্দি অবস্থায় মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রমেশ চন্দ্র সেন হৃদরোগ, ব্রেইনসহ নানান ধরনের অসুখে আক্রান্ত ছিলেন। জেলা কারাগারের ভেতরেই তাঁকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।’
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা ছিল। এসব অভিযোগে তাঁকে ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ আটক করে। পরে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে গত ১৭ আগস্ট তাঁকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন, মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। তিনি ঠাকুরগাঁও সদর আসনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করা হলে তিনি সংসদ সদস্য পদ হারান।
