নাটোর-১ আসন
বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩
সংঘর্ষে আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ছবি: সমকাল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪৭ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:০৩
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় খলিলুর রহমান (৪০) নামের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে প্রতিবাদ মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু। একই সঙ্গে আজ শনিবার বিকেলে কচুয়া বাজারে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে টিপু।
আহতরা হলেন- ফারুক (৪৮), শরিফুল (৩৪), সম্রাট (২৬), শিহাব (৩০), সাহেদ (২০), জাহাঙ্গীর আলম (৪৫), এনামুল হক (৫০), আকমল (৩৫), ফরহাদ (২৮) ও ফারুক (৩৭), জামরুল ইসলাম বাবু, শাহিন উদ্দিন ও সাজদার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে লালপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা। ওই সময় বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী অফিসের সামনে উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। এ সময় ধানের শীষের সমর্থকদের সঙ্গে টিপু সমর্থকদের সংঘর্ষ হয়।
স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, গণসংযোগ চলাকালে পুতুল গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এত আমাদের ১০ জন কর্মীসমর্থক আহত হয়। এর মধ্যে ৭ জন মেডিকেলে ভর্তি আছে। একজনের অবস্থা গুরুতর। ওই সময় আমার কর্মীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একজন নিরপরাধ কর্মীকে থানায় আটক করে নিয়ে আসে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এর প্রতিবাদে শনিবার বিকেলে কচুয়া বাজারে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।
হামলা ও ভাঙচুরের পাল্টা অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু বলেন, শুক্রবার এশার নামাজের কচুয়া ধানের শীষের নির্বাচনী অফিসে আমাদের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। ওই সময় সালামপুর এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী টিপুর প্রায় এক থেকে দেড়শ জন সমর্থক মিছিল নিয়ে কচুয়া বাজারে প্রবেশ করেন। ধানের শীষের অফিসের সামনে দিয়ে যাওয়ার পর উসকানিমূলক স্লোগান দেয়। বিরত থাকতে বললে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং টিপু সমর্থকরা অতর্কিত হামলা চালায়।
পাপ্পু আরও বলেন, এ সময় তারা ধানের শীষের নির্বাচনী অফিস তছনছ করার পাশাপাশি ফারজানা শারমিন পুতুল ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় প্রতিহত করতে গিয়ে বিএনপির ৩ জন সমর্থক জামরুল ইসলাম বাবু, শাহিন উদ্দিন, সাজদার রহমান আহত হন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে অন্য প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রাতি আহ্বান জানান তিনি।
লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই সময় স্থানীয়রা একজনকে আটক করে রাখে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় দুপক্ষয় থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
