ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আগামী ১২ তারিখ সাধারণ মানুষের দিন: রুমিন ফারহানা

আগামী ১২ তারিখ সাধারণ মানুষের দিন: রুমিন ফারহানা
×

ছবি: সমকাল

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩৪

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আগামী ১২ তারিখ হলো আমার সাধারণ ভাইবোন, সাধারণ ভোটার, সাধারণ কর্মী, সাধারণ মানুষের দিন। এ দিন সাধারণ মানুষ দুর্নীতিকে না বলবে, মামলা বাণিজ্যকে না বলবে, বালি ব্যবসা, মাটি ব্যবসাকে না বলবে, এলাকার মানুষকে হয়রানি যারা করে তাদের না বলবে।

শনিবার সন্ধ্যায় আশুগঞ্জের চরচারতলা ইউনিয়নের সাইলো মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ আসনের সাধারণ মানুষ আজ হাঁস মার্কায় ঐক্যবদ্ধ হয়েছে। হাঁস মার্কাকে তিনি সাধারণ জনগণের তারুণ্যের প্রথম ভোটের মার্কা ও সাহসের মার্কা হিসেবে আখ্যায়িত কওে জয়যুক্ত করার আহ্বান জানান।

গত ৫৫ বছরে কোনও উন্নয়নের ছোঁয়া লাগেনি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আশুগঞ্জ থেকে গ্যাস আসে, আশুগঞ্জের মানুষ কেন গ্যাস পায় না? আশুগঞ্জে এক দুইটা না, কতগুলো চালকল আছে, আপনারা বলেন। কত কোটি টাকা লেনদেন হয় এ চালকলগুলোতে। তবু কেন আশুগঞ্জকে অবহেলার শিকার হতে হয়। তবু কেন আশুগঞ্জ পৌরসভা হলো না।

তিনি আরো বলেন, আশুগঞ্জ শুধু ব্যবসা কেন্দ্র নয়, এটি একটি বন্দরও। আশুগঞ্জে গ্যাস আছে, বিদ্যুৎ কারখানা আছে, সার কারখানা আছে, চালকল আছে। আমি নির্বাচিত হলে আশুগঞ্জের ব্যবসা বাণিজ্যের আরো প্রসার করা হবে। আলোচনার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে ব্যবসা বাণিজ্যের আরো প্রসার ঘটানো হবে।

তিনি নারী ভোটারদের ১২ তারিখ সকালে ভোটকেন্দ্রে যাওয়ার এবং পুরুষ ভোটারদের ১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ কেন্দ্রে ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কেন্দ্রে অবস্থানের আহ্বান জানান। জনসভা শেষে তিনি চরচারতলা ইউনিয়নসহ আশুগঞ্জে আরো অন্তত চারটি জনসভায় যোগদান করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল সরকারের (কাউছার মেম্বার) সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. নাসির মুন্সি, মো. নাজমুল হোসাইন হামদু, মো. আতাউর রহমান বাবুল ও মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

আরও পড়ুন

×