ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুনাফেকি করলে সালথা-নগরকান্দার উন্নয়ন সম্ভব নয়: শামা ওবায়েদ

মুনাফেকি করলে সালথা-নগরকান্দার উন্নয়ন সম্ভব নয়: শামা ওবায়েদ
×

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৬

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘ধানের শীষ শুধু প্রতীক নয়, এটি উন্নয়নের বার্তা। আমরা জিততে পারলে রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতালসহ অবকাঠামোগত উন্নয়ন হবে। তাই আপনারা সকলেই ধানের শীষা ভোট দেবেন আর যদি মুনাফেকি করেন, তাহলে এ অঞ্চলের উন্নয়ন সম্ভব নয়।’

শনিবার রাতে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে নুরুউদ্দিন মাতুব্বরের বাড়িতে স্থানীয় বিএনপির আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমার পরিবার কখনও মিথ্যার সঙ্গে আপস করেনি। আমিও ১৭ বছর ধরে কারও সঙ্গে মুনাফেকি করিনি। আপনারা আমাকে সুযোগ দিলে জনগণের মতামতের ভিত্তিতেই সালথা-নগরকান্দা পরিচালিত হবে। একটি দলের লোকজন আমাদের মা-বোনদের কাছে ভোটার আইডি কার্ড চাওয়ার জন্য আসছে। কেউ এ ধরনের কাজ করলে সঙ্গে সঙ্গে পুলিশ বা সেনাবাহিনীকে জানাবেন।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের আর বেশি দিন নেই। আমি একা প্রার্থী নই, আপনারা সবাই প্রার্থী। আপনারা প্রত্যেকে ‘রিংকু’ হয়ে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেবেন। ১২ তারিখ সকাল সকাল ভোট দিতে যাবেন, তারপর অন্য কাজ করবেন। কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা আমরা করব, নেতৃবৃন্দ দায়িত্ব নেবেন।

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলে শিল্প-কারখানা স্থাপন করতে হবে, যাতে আমাদের ছেলে-মেয়েরা এখানেই কর্মসংস্থান পায়। বিশেষ করে উৎপাদিত পাটকে কেন্দ্র করে কল-কারখানা স্থাপন করলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করা হবে।’

শামা ওবায়েদ বলেন, ‘আমরা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সালথা-নগরকান্দা চাই। যে দলেরই হোক, কেউ দুর্নীতি বা দখলবাজি করলে তাকে আইনের আওতায় আনা হবে। কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের ক্ষতি করে কেউ পার পাবে না।’

কেন্দ্রীয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুদ্দিনের সঞ্চালনায় ও গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও গট্টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, প্রবীণ বিএনপি নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল রহমান চয়ন, যুবদল নেতা এনায়েত হোসেন, আব্দুর রব মাতুব্বর প্রমুখ।

আরও পড়ুন

×