লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত প্রার্থীকে ইসির সতর্কবার্তা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৭ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৫০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আজ রোববার ইসি সচিবালয়ের উপসচিব (আইন-১) মোহাম্মদ দিদার হোসাইনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিঠিটি স্বাক্ষর করা হয় গত শুক্রবার।
চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোটারকে নগদ টাকা ও ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে ড. রেজাউল করিমকে কঠোরভাবে সতর্ক করেছে ইসি।
ইসি জানায়, ৯ জানুয়ারি লক্ষ্মীপুর-৩ আসনের ৮ নম্বর ওয়ার্ডের একাডেমি রোড এলাকায় মাহফুজা খাতুন (৮৫) নামের এক নারীকে নগদ টাকা দেওয়া এবং ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান জামায়াত প্রার্থী। এ ঘটনায় একই আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সংশ্লিষ্ট ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
তদন্ত শেষে কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেয়।
কমিশনের মতে, ড. রেজাউলের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৪(১) ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সতর্কবার্তায় ইসি আরও জানায়, ভবিষ্যতে পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১ক (৬গ) অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর বিরুদ্ধে জরিমানা আরোপ কিংবা তার প্রার্থিতা বাতিল করা হতে পারে।
