ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী 

খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী 
×

ছবি-সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:২৮

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও পারিবারিক জীবন নিয়ে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রদর্শনী পর্যটক ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার রাতে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজল। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার উদ্যোগে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। 

আয়োজকরা জানান, খালেদা জিয়ার জীবন মানেই গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রামের প্রতীক। মূলত নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতেই এই ব্যতিক্রমী প্রয়াস। ইতোমধ্যে দেশের আটটি বিভাগীয় শহর এবং খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত জেলাসহ মোট ১২টি স্থানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তীকালে দেশের বাকি জেলাগুলোতেও পর্যায়ক্রমে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

প্রদর্শনী দেখতে আসা আফিফা বিনতে হাসান ও কামরুল হাসানসহ একাধিক পর্যটক জানান, ইতিহাস ও রাজনীতির সঙ্গে আবেগ এখানে একসঙ্গে মিশে গেছে। বেগম খালেদা জিয়ার জীবন মানেই সংগ্রাম; এই আলোকচিত্র প্রদর্শনী সেই ইতিহাসকে চোখের সামনে এনে দিয়েছে।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, প্রদর্শনীর প্রতিটি ছবি সময়ের সাক্ষ্য বহন করে। বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুন

×