ন্যায়বিচারের আশ্বাস জামায়াত নেতাদের
টেকনাফের সভায় বিপুল জনতা
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারীর শেষ নির্বাচনী জনসভা। ছবি: সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:২১
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারীর শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। সোমবার দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় হাজারো মানুষের ঢল নামে। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে নুর আহমদ আনোয়ারী বলেন, অতীতে উখিয়া-টেকনাফে যারা ক্ষমতায় এসেছেন, তারা দুর্নীতি করলেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেননি।
ক্ষমতায় গেলে এই সীমান্ত জনপদে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা ব্যবসায়িক সিন্ডিকেট থাকবে না উল্লেখ করে নুর আহমদ আনোয়ারী বলেন, ন্যায়বিচার ও মানুষের উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করবে। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে টেকনাফ স্থলবন্দর করিডোর চালু, পৌরসভা আধুনিকায়ন, নাফ নদ ব্যবস্থাপনা, টেকনাফ কলেজে অনার্স কোর্স চালু, পাইলট উচ্চ বিদ্যালয় সরকারীকরণ, টেকনাফ-দমদমিয়া-সেন্টমার্টিন নৌঘাট চালু এবং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মিথ্যা মামলা, মাদক ও অপহরণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াতের প্রার্থী। তিনি এক বছরের মধ্যেই উখিয়া-টেকনাফের সার্বিক চিত্র বদলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। কান্নাজড়িত কণ্ঠে নুর আহমদ আনোয়ারী বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। জন্ম থেকে এই এলাকাতেই আছি। গত ২২ বছর ধরে হোয়াইক্যং ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। শিক্ষকতা ও অধ্যক্ষ হিসেবে শিক্ষা বিস্তারে কাজ করেছি। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের অধিকার আদায় ও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।’
রাজনীতিকে তিনি ক্ষমতার হাতিয়ার নয়, বরং জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখেন জানিয়ে জামায়াতের প্রার্থী বলেন, ‘আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই উখিয়া ও টেকনাফকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করব।’
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে উখিয়া-টেকনাফ সিন্ডিকেটমুক্ত হবে। এবার ঐক্যবদ্ধ হয়ে অপশাসকদের বিতাড়িত করার সময় এসেছে। নতুন নেতৃত্বে সীমান্ত শহরটিতে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
জামায়াতের উপজেলা আমির অধ্যাপক মাওলানা রফিকুল্লাহর সভাপতিত্বে সভায় অনলাইনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিবগাতুল্লাহ ছিবগা।
বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, শাহপুরী গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান ইয়াহিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী এবং টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাঈল। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার ও টেকনাফ পৌর জামায়াতের সভাপতি রবিউল আলম যৌথভাবে সভাটি সঞ্চালনা করেন।
- বিষয় :
- নির্বাচনী জনসভা
- জামায়াতে ইসলামী
