ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিলেট-১

এবার পাল্টা অভিযোগ জামায়াতের

এবার পাল্টা অভিযোগ জামায়াতের
×

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রেস ব্রিফিং করে জেলা ও মহানগর জামায়াতের নেতারা। ছবি-সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৪৪

সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন জামায়াত নেতারা। তারা বলেছেন, বিএনপির প্রার্থীর ঋণের তথ্য আড়াল করতেই জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে ঋণের অপপ্রচারে মেতে উঠেছে একটি পক্ষ। আচরণবিধি লঙ্ঘন করে সিলেটের রাজনৈতিক সম্প্রীতি বিনষ্টের অভিযোগও করেন জামায়াত নেতারা। 

সোমবার নগরীর ধোপাদিঘীরপারে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তারা এসব অভিযোগ করেন। এতে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম। এর আগে গত রোববার বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনসহ বিভিন্ন অভিযোগ করেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস।

জামায়াত আমির জানান, সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ও মিসবাহ উদ্দিন সিরাজের সঙ্গে মাওলানা হাবিবুর রহমানের কোনো ব্যবসা ছিল না। এটি নিয়েও তারা অপপ্রচার করছে। এছাড়া সিলেট-৩ আসনে জোটের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর রিকশা প্রতীকের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা ও সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ সিলেটবাসীকে হতবাক করেছে। 

ফখরুল ইসলাম জানান, মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে ভুয়া ঋণের দাবি তুলে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর ব্যক্তিগত কোনো ঋণই যেখানে নেই সেখানে তথ্য গোপনের প্রশ্নই আসে না। ইবনে সিনা পরিচালিত হয়ে ট্রাস্টের মাধ্যমে এবং সিলেটের ইবনে সিনার আল কারামাহ কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়।
মাওলানা হাবিবুর রহমান আল কারামা কোম্পানির একজন প্রতিনিধি এবং ইবনে সিনা হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান। ব্যক্তি হাবিবুর রহমানেরও কোনো ঋণ নেই। 

প্রেস ব্রিফিংকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নূরুল ইসলাম বাবুল, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক, মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজল, জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×