ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খাদেম হয়ে জনগণের সেবা করতে চান কায়কোবাদ

খাদেম হয়ে জনগণের সেবা করতে চান কায়কোবাদ
×

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সোহেল হোসনাইন কায়কোবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫৭ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫৯

কুড়িগ্রাম-২ আসনের বিএনপিদলীয় প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, জনগণের খাদেম হয়ে কাজ করতে চাই। একজন পরিপূর্ণ সেবক হয়ে কাজ করব। আমার সঙ্গে সাক্ষাতে কোনো মাধ্যম লাগবে না। সোমবার সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সোহেল হোসনাইন কায়কোবাদ।

মতবিনিময়ে কায়কোবাদ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাঁকে নির্বাচিত করলে কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করবেন। নির্বাচিত হলে নদীভাঙন রোধ, চরাঞ্চলের উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে ‘আলোকিত কুড়িগ্রাম’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সরকার গঠন করলে দল ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রম চালুর বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

কায়কোবাদ বলেন, জেলার চরাঞ্চল ও দলিত সম্প্রদায়ের মানুষের উন্নয়নকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া জেলার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান। পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, জেলার শিক্ষা ও শিল্প খাত শক্তিশালী করা গেলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত এবং নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি এবং উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
 

আরও পড়ুন

×