ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এবারের যুদ্ধ দেশ গড়ার ও ভোটাধিকার রক্ষার: আবু সাইয়িদ

এবারের যুদ্ধ দেশ গড়ার ও ভোটাধিকার রক্ষার: আবু সাইয়িদ
×

সাঁথিয়ায় নির্বাচনী জনসভায় বিএনপিতে সদ্য যোগদানকারী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:০৫

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপিতে সদ্য যোগদানকারী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। সোমবার বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এই জনসভায় অধ্যাপক আবু সাইয়িদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘একটি দল সংবিধানকে পুড়িয়ে দিতে চায়। তারাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা দেশকে পাকিস্তান বানাতে চায়, কিন্তু কোনো বাঙালি বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারে না।’

বক্তব্যে আবু সাইয়িদ জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেন, ‘যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের ভোট দেবেন না, তাদের রুখে দিতে হবে। জামায়াতে ইসলাম একটি ভণ্ড ও প্রতারক দল। এই মিথ্যাবাদীরা জনগণকে বিভ্রান্ত করছে। যারা ধর্মের নামে মিথ্যা বলে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এবারের যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ। এ দেশের প্রতিটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার যুদ্ধ। এবারের ভোট হবে স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তির মধ্যে। দেশের মুক্তি ও সাধারণ মানুষের কল্যাণে পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল ও সাবেক যুগ্ম-আহবায়ক শামসুজ্জামান নান্নুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান, কৃষক দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ডা. মীর শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতি, সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম, ফজলুল বারী সান্টু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক আহবায়ক মীর নজমুল বারী নাহিদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, শাহীনুর রহমান স্বাধীন, উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব, জামিল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান রিপনসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

 

আরও পড়ুন

×