ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের সুযোগ দিন: আব্দুল বারী
ছবি: সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৩৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:০৫
জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সচিব আব্দুল বারী বলেন, ‘দীর্ঘদিন সরকারি চাকরিতে থেকে দেশের সেবা করেছি। চাকরি শেষ করে এখন এলাকার মানুষের সেবা করতে এসেছি। আপনাদের কাছে অনুরোধ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে রাষ্ট্র মেরামতের সুযোগ দিন।’
সোমবার বিকেল ৫টায় কালাই উপজেলা বিএনপির আয়োজনে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
আব্দুল বারী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তাঁর দাবি, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, দীর্ঘদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থে ব্যবহার করে মানুষের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তিনি জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়ন, আধুনিক সড়ক যোগাযোগ, কৃষি উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি।
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মণ্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইদুর রহমান সুইটসহ অনেকে।
জনসভায় উপস্থিত বক্তারা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়পুরহাট-২ আসনের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবে।
