সাকির বিরুদ্ধে অপপ্রচার, গণঅধিকারের প্রার্থীকে শোকজ
ফাইল ছবি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:০০
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জোনায়েদ সাকির বিরুদ্ধে অপপ্রচার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এস শফিকুল ইসলাম শুভকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান এ শোকজ নোটিশ দেন। আসনটি শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ছাড় দিয়েছে বিএনপি। জোনায়েদ সাকির নির্বাচনী এজেন্ট শামীম শিবলী লিখিতভাবে গণঅধিকার পরিষদের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই অভিযোগ করেন।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, গণঅধিকার পরিষদের প্রার্থী শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি অনলাইনের মাধ্যমে অর্থ প্রদর্শন করে যুবসমাজকে মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার মাধ্যমে ভোট প্রদানের বিষয়ে নির্দেশনা দেন। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। এ ছাড়া তিনি জোনায়েদ সাকির বিরুদ্ধে ভোটারদের কাছে গিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার করে আসছেন। নোটিশে বলা হয়, প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, শফিকুলের ওই কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যা ভোটারদের স্বাধীন ও নিরপেক্ষ মত প্রকাশে বাধা প্রদান করার শামিল। তাঁকে লিখিত ব্যাখ্যা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে অভিযোগকারী জোনায়েদ সাকির নির্বাচনী এজেন্ট শামিম শিবলী জানান, শফিকুল ইসলাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের প্রার্থী জোনায়েদ সাকিকে হেয় করতে তাঁর বিরুদ্ধে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি মিথ্যা অভিযোগ করেছেন। শুধু তাই নয়, ফেসবুকে একটি ভিডিও দিয়েছেন, যেখানে তরুণদের মাদক সেবনের জন্য টাকা দিচ্ছেন– এমনটি রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি অভিযোগ করেছি তাঁর বিরুদ্ধে।
গণঅধিকার পরিষদের প্রার্থী শফিকুল ইসলাম বলেন, আমি নোটিশ পেয়ে আজকেই জবাব দিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলেছি। জোনায়েদ সাকির বিরুদ্ধে আমি কোনো মিথ্যা অভিযোগ করিনি। শামীম শিবলী যে অভিযোগ করেছেন, তা পুরোটাই মিথ্যা। আমি মানহানির মামলা করব।
- বিষয় :
- শোকজ
- জোনায়েদ সাকি
- গণঅধিকার পরিষদ
