মাদারীপুর-২ আসন
ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল
ছবি: সমকাল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:১৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৩১
মাদারীপুর-২ (রাজৈর ও সদরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী জাহানকে সমর্থন দিয়েছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে শহরের শকুনি লেকপারের মুক্তমঞ্চে তিনি এই ঘোষণা দেন।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী এদিন উৎসবমুখর পরিবেশে মিছিল বের করেন। নির্বাচনীর এলাকার বিভিন্ন গ্রাম থেকে তারা দলবেঁধে এসেছিলেন। শকুনি লেকপারে মিছিলের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে ধানের শীষে ভোট চান ব্যারিস্টার শহিদুল ইসলাম। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বৃহত্তর স্বার্থে তিনি জাহান্দার আলী জাহানের পক্ষে কাজ করবেন। নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
সংক্ষিপ্ত বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, ‘দেশে একটি যুদ্ধ চলছে। এ যুদ্ধ স্বাধীনতার পক্ষ ও স্বাধীনতার বিপক্ষের। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার জন্য প্রয়োজনে আবার রক্ত দেব। আমরা যেন ভুলে না যাই ১৯৭১ সালে যুদ্ধের চেতনা কেউ নষ্ট করতে পারে নাই, সামনেও কেউ পারবে না।’
সেখানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।
