ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে এবারের নির্বাচন: রাজশাহী বিভাগীয় কমিশনার
উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার। ছবি-সমকাল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০২
‘এবারের নির্বাচন হবে দেশের সবচেয়ে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। ১৯৯১-এর নির্বাচনের চেয়েও অধিক গ্রহণযোগ্য এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক দৃষ্টান্ত হয়ে থাকবে। কাজেই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।’
মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এসব কথা বলেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় বিভাগীয় কমিশনার বলেন, ‘মসজিদের মাইক থেকে যেন কোনো প্রকার গুজব ছড়ানো না হয়, সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে। একই সঙ্গে এলাকায় অপরিচিত ব্যক্তিদের আগমন ঘটে কিনা, সে বিষয়টিও দেখতে হবে।’ তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে পালন করলেই জাতিকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে কোনো ঘটনা যথাযথভাবে যাচাই করে সঠিক তথ্য-উপাত্ত আপনারা প্রচার বা প্রকাশ করবেন। প্রয়োজনে নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত মিডিয়া সেলের কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নেবেন। কোনোভাবেই যেন ভুল তথ্য প্রচার না হয়, সে দিকটি গুরুত্বের সঙ্গে দেখবেন।’
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ, সেনাবাহিনীর উল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর তবিবুর রহমান প্রমুখ।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- বিভাগীয় কমিশনার
