ত্রিশালে চাল ব্যবসায়ী যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
দোকান থেকে ১৫ লাখ টাকা লুট
ছবি : সংগৃহীত
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৫৩
ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের সময় তাঁর দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি পরিবারের।
নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের মৃত রাজবিহারী সরকারের ছেলে।
তিনি হরিরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারের সদস্যরা জানান, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা এলাকায় সুসেন চালের ব্যবসা করতেন। সোমবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সুসেন চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পরিবারের দাবি, এরপর তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে থাকা আনুমানিক ১৫ লাখ টাকা লুট করে দোকানের শাটার বন্ধ করে সটকে পড়ে। বাবাকে ফোনে না পেয়ে দোকানে আসে বড় ছেলে সুজন। এসে দেখে দোকানের শাটার লাগানো, তবে তালা খোলা। শাটার খুলে দেখেন রক্তাক্ত অবস্থায় তাঁর বাবা মেঝেতে পড়ে আছেন। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নিহতের ভাই মৃত্যুঞ্জয় সরকার বলেন, এর আগেও আমার ভাইয়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তাদের টাকার প্রয়োজন ছিল, টাকা নিয়ে যেত, আমার ভাইকে কেন হত্যা করল। বাবাহীন তাঁর দুই ছেলে ও এক মেয়ের এখন কী হবে, তাদের কে দেখবে।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- ত্রিশাল
- কুপিয়ে হত্যা
- যুবলীগ নেতা খুন
