ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জ-৩

বিএনপির কর্মীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ জামায়াত প্রার্থীর

বিএনপির কর্মীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ জামায়াত প্রার্থীর
×

ছবি : সমকাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৩৯

সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ দায়ের করেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, সনমান্দি ইউনিয়ন, জাইদেরগাঁও, ইলিয়াসদী, চরলাল, কলাবাগ, চেঙ্গাকান্দি, গিরদান ও দৌলতপুর গ্রামের নেতাকর্মীরা ৭টি কেন্দ্রের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন জামায়াতের প্রার্থী। 

অভিযোগে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, চরলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলাকান্দা নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈমানেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন জামায়াতের প্রার্থী।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া জানান, বিএনপি প্রার্থীর লোকজন জামায়াতের নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে সোনারগাঁয়ের ১৪৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। শুধু সনমান্দি ইউনিয়নেই নয়, জামপুর ইউনিয়নের বাছাবো তিলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোগরাপাড়া ইউনিয়নের কাইকেরটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রও দখলের আশঙ্কা করছি। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, জামায়াত নির্বাচন বানচাল করার জন্য কেন্দ্রীয়ভাবে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে সোনারগাঁয়ে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেন তাদের প্রার্থী। এসব অভিযোগ সত্য নয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আসিফ আল জিনাত বলেন, জামায়াতের প্রার্থী মৌখিকভাবে তাঁকে এ বিষয়ে অবগত করেছেন। নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো ইলেকশন ইনকোয়ারি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে উল্লিখিত কেন্দ্রগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হবে। তাৎক্ষণিকভাবে কাউকে অন্যায়ের সঙ্গে পাওয়া গেলে জেল-জরিমানা করা হবে।

আরও পড়ুন

×