ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার হুমকি: সাবেক এমপি মুন্সীকে নির্বাচনী অনুসন্ধান কমিটির তলব

ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার হুমকি: সাবেক এমপি মুন্সীকে নির্বাচনী অনুসন্ধান কমিটির তলব
×

মঞ্জুরুল আহসান মুন্সী

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৫৩

ট্রাক প্রতীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকির অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ বুধবার বেলা আড়াইটার মধ্যে তাঁকে সশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্যসহ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিতভাবে জানান দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিব হাসান।

জানা গেছে, আজ বুধবার দুপুরে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সিভিল জজ তাফরিমা তাবাসুমের আদালতে হাজির হয়ে অ্যাডভোকেট এ বি এম হামিদুল মিজবাহর মাধ্যমে জবাব দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি জ্বালাইয়া-পোড়াইয়া সব ছারখার করে দেব।’ এই বিতর্কিত বক্তব্যের জেরে মঙ্গলবার রাতেই তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগে আদালত তাঁর প্রার্থিতা বাতিল করলে এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। গত সোমবার মধ্যরাতে উপজেলার বাকসার গ্রামে জসিম উদ্দিনের ‘ট্রাক’ প্রতীকের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে ওই বিতর্কিত বক্তব্য দেন মুন্সী।

এ আসনে বর্তমানে জসিম উদ্দিন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল করিম (হাতপাখা)।

আরও পড়ুন

×