ঠাকুরগাঁওয়ে ভোটারদের মাঝে টাকা বিতরণ, জাপার ২ নেতাকে জরিমানা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভোটারদের কাছে টাকা বিতরণ করছিলেন একদল লোক। ছবি: সমকাল
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:১১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভোটারদের কাছে লাঙল প্রতীকের পক্ষে টাকা বিতরণের অপরাধে জাতীয় পার্টির (জাপা) দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার চাঁদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর তাদের জরিমানা করেন।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে পীরগঞ্জের লোহাগাড়া চাঁদপুরে ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাটালের গোডাউন ঘরে লাঙল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর সেখানে উপস্থিত হন। এ সময় ভোটার ও নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত বসান। ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিন ভোটারদের কাছে টাকা বিতরণের কথা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে ক্ষমা চান। বিচারক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭ ধারার আশরাফ আলীকে ৫ হাজার ও শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙল)।
