ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আজাদ

বিএনপি নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে

বিএনপি নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে
×

ছবি: সংগৃহীত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১৪

প্রশাসন বিএনপির নেতাকর্মীদের খোঁজ করছে, কিন্তু দুর্বৃত্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

বুধবার দুপুরে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের লোকজনের বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগও তোলেন নজরুল ইসলাম আজাদ।

তিনি দাবি করেন, স্বতন্ত্র প্রার্থীর ম্যানেজারের টাকা বিলি করার ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে সেই ভিডিও পাঠিয়ে অভিযোগ দিয়েছেন তারা। থানায় জানিয়েছেন, সেনাবাহিনীকে জানিয়েছেন। কী ব্যবস্থা নেওয়া হয়েছে এখনও জানেন না তিনি। তারা শুধু বিএনপি নেতাকর্মীদের খোঁজে। বিএনপি নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে। এখানে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে লাভ নেই।

তিনি বলেন, ‘আমি মনে করি, সেনাবাহিনী থেকে শুরু করে সব আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী যাদের আমরা জনগণের সেবক বলি– তাদের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজকে অগ্রাধিকার দেওয়া। যাতে ভোটাররা নিশ্চিন্তে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লাকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘তিনি আমাদের উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সন্ত্রাসী আখ্যা দেওয়াসহ নানা মিথ্যা অভিযোগ করছেন। ৭১ সালে তাদের (জামায়াত) কী ভূমিকা ছিল, তা আমরা জানি। তাঁর কী ভূমিকা ছিল, তাও আমরা জানি। কিন্তু তাঁকে ছোট করে কথা বলতে চাই না। আমি এটা বলতে চাই, আপনারা সত্যের পথে চলেন, সত্য বলতে শিখেন।’

বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, নির্বাচনে তিনি ব্যাপক জনসমর্থন পাচ্ছেন। আজকের নির্বাচনে ধানের শীষে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জয়ী হবেন বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন

×