ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনে অবৈধ যানই ভরসা

নির্বাচনে অবৈধ যানই ভরসা
×

ছবি-সংগৃহীত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:২০

সারা বছর মহাসড়কে পুলিশ দেখলে যে নছিমন-ভটভটিগুলো লুকিয়ে চলে, নির্বাচনের সময় সেই অবৈধ যানগুলোই হয়ে ওঠে প্রশাসনের প্রধান ভরসা। 

বৃহস্পতিবারের সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় সরকারি কাজে নছিমন ও করিমনের এই ব্যাপক ব্যবহারে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 
উপজেলা পরিষদ চত্বরে অপেক্ষমাণ নছিমন চালক সাব্বির হোসেন ও হাফিজুল ইসলাম বলেন, ‘সারা বছর আমাদের গাড়ি অবৈধ বলে পুলিশ ধরে। কিন্তু ভোট এলেই আমরা বৈধ হয়ে যাই! আমাদের গাড়িতেই পুলিশ-আনসাররা কেন্দ্রে যায়।’ চালকদের অভিযোগ, প্রশাসনের নির্দেশে বাধ্য হয়ে গাড়ি নিয়ে এলেও দুই দিনের জন্য যে ভাড়া দেওয়া হয়, তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। রাস্তায় গাড়ি চালালে দিনে যেখানে ৪ হাজার টাকা আয় হয়, সেখানে নির্বাচনের দুই দিনে পাওয়া যায় মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা।

বুধবার দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ ও স্থানীয় স্কুল মাঠ থেকে ৯৪টি ভোটকেন্দ্রের নির্বাচনী মালপত্র নিয়ে রওনা দেন প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা। প্রতিটি নছিমন-করিমনের সামনে বড় কাগজে লেখা রয়েছে ইউনিয়ন ও কেন্দ্রের নাম। মাইক্রোবাস বা লেগুনার সংকটের কারণে প্রশাসনের পক্ষ থেকে এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ জানান, সারাদেশে একযোগে নির্বাচন হওয়ায় পর্যাপ্ত মাইক্রোবাস পাওয়া সম্ভব নয়। তাই মালপত্র পরিবহনের সুবিধার্থে নছিমন ব্যবহার করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজু তামান্না বলেন, ‘পরিবহন সংকট এবং অনেক কেন্দ্রের রাস্তা সরু হওয়ায় বাস যাওয়া সম্ভব নয়। তাই প্রতি নির্বাচনের মতো এবারও নছিমন ভাড়া করা হয়েছে। দূরত্বের ভিত্তিতে বাজেট অনুযায়ী তাদের ন্যায্য ভাড়া পরিশোধ করা হবে।’

পাবনা-১ (সাঁথিয়া) আসনে মোট ভোটার: ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। কেন্দ্র ৯৪টি (ঝুঁকিপূর্ণ ৩৪টি), বুথ ৬২৫টি। চারজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ভিপি শামসুর রহমান, জামায়াতের ড. নাজিবুর রহমান মোমেন, ইসলামী আন্দোলনের আব্দুল গণি এবং স্বতন্ত্র তাজুল ইসলাম। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় সরঞ্জামাদি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×