জামালপুর-১ আসন মাঠে পাঁচ প্রার্থী, লড়াই বিএনপি-জামায়াতের
ছবি-সংগৃহীত
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:২৬
নির্বাচনে জয় পেতে উম্মুখ হয়ে আছেন জামালপুর-১ আসনের বিএনপি ও জামায়াতের কমী-সমর্থকরা। আজকের ভোটের মাধ্যমেই চূড়ান্ত হবে কে হচ্ছেন এই আসনের জনগণের অভিভাবক।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ নির্বাচন অফিসের তথ্যমতে, বুধবার রাত ৮টার মধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম ও লোকবল সরবরাহ করা হয়েছে। আজ চলছে ভোট গ্রহণ। এই আসনে পাঁচজন প্রার্থী থাকলেও মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হচ্ছে। আজ পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বিগত সংসদ নির্বাচনগুলোর তুলনায় এবারের চিত্র ভিন্ন। একদিকে সংসদ নির্বাচন, অন্যদিকে গণভোট। দুটি বিষয় একসঙ্গে হওয়ায় অনেক ভোটার বিভ্রান্তিতে পড়েছেন। কর্তৃপক্ষে দাবি, গণভোটের বিষয়ে প্রচার চালিয়ে সাধারণ ভোটারদের সচেতন করা হয়েছে। তারা এখন গণভোট সম্পর্কে জানেন ও বোঝেন।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে জামালপুর-১ আসন। এখানে ভোটার সংখ্যা চার লাখ ২৮ হাজার ৮৭৫ জন। কেন্দ্র রয়েছে ১২৮টি।
জামালপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তাদের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। ২০০১ সালে সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন নিয়ে বিপুল ভোটে জয়ী হন তিনি। জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী। তিনি এবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রউফ তালুকদার। তিনি বকশীগঞ্জ উপজেলা পরিষদের টানা চারবারের চেয়ারম্যান। তিনি বিএনপির নেতা ছিলেন। ২০১৬ সালে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন একেএম ফজলুল হক ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচন করছেন রফিকুল ইসলাম।
পোল্যাকান্দি হাইস্কুল কেন্দ্রের ভোটার আলতাফ হোসেন বলেন, ভোট হবে বাধাহীন। কোনো প্রকার সমস্যা হবে না বলে আশা করছেন তারা। এখন মনোনীত প্রার্থীর জয়ের খবর শোনার আশায় আছেন তিনি।
বাঘারচর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার রবিউল ইসলাম জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সবার মতো তিনিও একজন প্রার্থীকে পছন্দ করেছেন। তারা অধির আগ্রহে আছেন নির্বাচনের ফল কী হয়।
মধ্যেরচর ভোটকেন্দ্রের ভোটার আব্দুল জব্বার বলেন, ‘ভোট সুষ্ঠু হবে। আমি দল করি। সেই হিসেবে চাইব, আমার দলের প্রার্থী নির্বাচনে জয়ী হোক। ভোটের সব কাজ শেষ। এখন শুধু জয়ের খবর শোনার জন্য প্রতীক্ষা।’
কাঠারবিল কেন্দ্রের ভোটার রেজেনা ইসলামের ভাষ্য, এই আসনে পাঁচজন প্রার্থী থাকলেও মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াই হবে। দুই দলেরই সমর্থক ও ভোটাররা জয়ের প্রহর গুনছেন।
- বিষয় :
- বিএনপি
- জামালপুর-১
