পীরগঞ্জে নারী ভোটারদের দীর্ঘ লাইন
পীরগঞ্জের বড় আলমপুর আবুল হোসেন দাখিল মাদ্রাসা কেন্দ্রে নারী ভোটারের সারি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৭
রংপুরের পীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তাদের অনেকেই নির্ধারিত সময়ের আগে ভোটার কেন্দ্রে এসে উপস্থিত হন এবং ভোটগ্রহণ শুরু হলে ভোটাধিকার প্রয়োগ করেন।
কয়েকটি কেন্দ্রে তরুণী থেকে শুরু করে বয়স্ক নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বড় আলমপুর আবুল হোসেন দাখিল মাদ্রাসা কেন্দ্রে কথা হয় ভোটার হালিমার সঙ্গে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নিজেদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিশ্বাস থেকেই তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন। একই কেন্দ্রের ভোটার দিপা মনি প্রথমবার ভোট দিতে এসে উচ্ছ্বাসিত। তিনি বলেন, ‘আমি প্রথম ভোট দিতে এসেছি। আমার অনেক ভালো লাগছে। আশা করছি যাকে ভোট দেব তিনি জয়ী হবেন।’
একাধিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতর ও বাইরে দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচন কর্মকর্তারা জানান, নারী ভোটারদের অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেছে।
- বিষয় :
- নারী ভোটার
- পীরগঞ্জে
- রংপুর
