ভোট দিয়ে সারজিস বললেন
প্রশাসন সুষ্ঠু নির্বাচন উপহার দিলে অভিযোগ থাকবে না
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪১
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, ‘প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, আমাদের কোনো অভিযোগ থাকবে না।’
বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর এ কথা বলেন সারজিস।
তিনি বলেছেন, ‘গত কয়েকদিনে আমরা বিএনপি নেতাকর্মীদের ভোটারদের বাধা দেওয়া ও হুমকি দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করি আজকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না।’
উপস্থিত সংবাদকর্মীদের সারজিস আরও বলেন, ‘আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে হ্যাঁতে ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাব।’
তিনি আরও বলেন, ‘জনগণের মতামতের ওপর আমরা যেন আস্থা রাখি। ভোট গ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সকল রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
পেশীশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত কাউকে জয়ী হতে দেওয়া হবে না মন্তব্য করে সারজিস বলেন, ‘জনগণের ওপর আমাদের আস্থা থাকবে। সারা দেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে। মানুষ দেখেছে, দেড় বছরে কারা মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে, তা বিবেচনা করে তারা ভোট দেবে।’
সুষ্ঠু ভোট হলে পঞ্চগড়-১ আসনের প্রত্যেক কেন্দ্রে নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন সারজিস আলম।
- বিষয় :
- সুষ্ঠু নির্বাচন
- পঞ্চগড়
- সারজিস আলম
