সিরাজগঞ্জ-২ আসন
রায়গঞ্জ ও তাড়াশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি
সিরাগঞ্জে ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি। ছবি: সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৫
সিরাজগঞ্জ-২ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বৃহস্পতিবার সকাল থেকে ভোটারদের সরব ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রে কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রায়গঞ্জ উপজেলার ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন জানান, সকাল সাড়ে দশটা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিত হয়েছেন। কেন্দ্রটিতে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৩৯১। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
একই চিত্র দেখা গেছে তাড়াশ উপজেলায়। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৮৮ এবং তাড়াশ উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ৪৬৪। সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনুল হক এবং জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুর রউফ সরকার।
