ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জ-২

আড়াইহাজারে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি

আড়াইহাজারে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি
×

ছবি: সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০৬

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ভোটগ্রহণের শুরু থেকেই নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি সবার নজর কেড়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়াইহাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি সফর আলী কলেজ, কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৈকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর মাদরাসাসহ ৯/১০টি কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেক কেন্দ্রে নারীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে। কেন্দ্রের বাইরে সামান্য ভিড় থাকলেও ভেতরে সকাল সাড়ে ১১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা যায়। ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সকাল ১১টা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিত হয়েছেন। কেন্দ্রটিতে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৮৮। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, পরিস্থিতি খুবই স্বাভাবিক। নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ি পর্যায় ক্রমে প্রতিটি কেন্দ্রে আসা যাওয়ার মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহম্মেদ জানান, নারায়ণগঞ্জ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৯ জন। উপজেলার ১১৮টি ভোটকেন্দ্রের ৭০৭টি কক্ষে ভোটগ্রহণ করছে। বুথগুলোর পরিবেশ পরিস্থিতিও শান্ত এবং ভোটারদেরকে কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

×