নারী ভোটারদের শৃঙ্খলায় চলছে ভোট উৎসব
চাখার ফজলুল হক ইনস্টিটিউশন স্কুল কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ সারি। ছবি : সমকাল
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২৮
বরিশালের বানারীপাড়ায় জাতীয় সংসদ নির্বাচনের দৃশ্যপটে এক অনন্য ছবি ফুটে উঠেছে। ভোটকেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ও সক্রিয়তা সবাইকে অবাক করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল নারীর উপচে পড়া ভিড়।
উপজেলার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন স্কুল কেন্দ্রে দেখা যায়, নারী ভোটারের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অথচ তার ঠিক পাশেই পুরুষদের জন্য নির্ধারিত লাইনে হাতেগোনা কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। উৎসবের এই আমেজে পিছিয়ে নেই সংখ্যালঘু সম্প্রদায়ের নারীরা। তারাও দল বেঁধে কেন্দ্রে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের এই নির্বাচনী সমীকরণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই।
নির্বাচনী ময়দান চষে বেড়ানো স্থানীয়দের মতে, বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ‘ধানের শীষ’ এবং জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নারী ভোটারের এই বিপুল উপস্থিতি শেষ পর্যন্ত কার বাক্সে কত ভোট ফেলে, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।
পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৩ হাজার ৭৮৫ জন। এর মধ্যে উজিরপুর উপজেলায় ২ লাখ ৩৬ হাজার ২১৫ এবং বানারীপাড়া উপজেলায় ১ লাখ ৪৭ হাজার ৫৬৮ ভোটার রয়েছেন। দুই উপজেলা মিলিয়ে ১৪০টি ভোটকেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রশাসনের কঠোর নজরদারি এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা কোনো বিঘ্ন ছাড়াই কেন্দ্রে আসতে পারছেন। বিকেলের মধ্যে ভোট কাস্টিংয়ের হার সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
