ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোটকেন্দ্রে নারীর উপচেপড়া ভিড়

ভোটকেন্দ্রে নারীর উপচেপড়া ভিড়
×

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাসুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারীদের সারি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৩৫

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই হালুয়াঘাট উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নাসুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন সবার নজর কেড়েছে।

নাসুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৪৪৭ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ২৩০ এবং নারী ২ হাজার ২১৭ জন। সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকেই কনকনে শীত উপেক্ষা করে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্যমতে, সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ৬০১ জন ভোট দিয়েছেন।

কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা নারী সীমা রানী বলেন, ‘সকাল সাড়ে ৭টায় লাইনে দাঁড়িয়েছি। এরপর নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে।’

ভোটার ফরিদা আক্তার জানান, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোরেই ঘরের কাজ শেষ করে কেন্দ্রে এসেছেন। ভোটার নাসিমা বলেন, পরিবেশ এখন পর্যন্ত শান্ত আছে। আশা করছেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

নাসুল্যা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সকাল থেকেই নারী ভোটারের উপস্থিতি বেশ লক্ষণীয়। এখন বোরো ধান রোপণের মৌসুম চলছে, তাই পুরুষরা হয়তো মাঠের কাজ শেষ করে দুপুরের দিকে কেন্দ্রে আসবেন।

ময়মনসিংহ-১ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল সকাল ১০টায় ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, সামগ্রিক পরিবেশ সন্তোষজনক হলেও কিছু কিছু কেন্দ্রে ধানের শীষের কর্মীরা বিক্ষিপ্তভাবে ঝামেলা তৈরির চেষ্টা করছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন কঠোর থাকলে দিনশেষে ভোটাররা তাদের সঠিক রায় দিতে পারবেন।

আরও পড়ুন

×