ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উৎসবমুখর পরিবেশ, নারী ভোটারের দীর্ঘ সারি 

উৎসবমুখর পরিবেশ, নারী ভোটারের দীর্ঘ সারি 
×

লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন নারী ভোটাররা। জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি : সমকাল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:০১

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। 

বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শত শত নারী ভোটার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছেন। সফুরা বেগমসহ উপস্থিত অন্যরা জানান, দিনের শুরুতেই ভোট দিয়ে তারা দ্রুত বাড়ি ফিরে সাংসারিক কাজ সারতে চান, তাই সকালেই কেন্দ্রে এসেছেন।

জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রভাষক আব্দুস সালাম জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৯ জন। এর মধ্যে ১ হাজার ৩৯ জন নারী এবং ১ হাজার জন পুরুষ ভোটার। মোট ৪টি বুথে ভোট গ্রহণ চলছে, যার মধ্যে পুরুষ ও নারীদের জন্য সমান সংখ্যক বুথ রাখা হয়েছে। এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এই নির্দিষ্ট কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাইদ চাঁদ ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নাজমুল হকের এজেন্টরা উপস্থিত থাকলেও জাতীয় পার্টির লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থীর কোনো পোলিং এজেন্ট সেখানে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

পুরো নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং ভোটাররা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ ভোটাররা যেন কোনো প্রকার বিঘ্ন ছাড়াই কেন্দ্রে আসতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে।


 

আরও পড়ুন

×