ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রার্থীর ভাগ্য নির্ধারণ নারী ভোটারের হাতেই

প্রার্থীর ভাগ্য নির্ধারণ নারী ভোটারের হাতেই
×

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একটি কেন্দ্রে নারী ভোটারের বিপুল উপস্থিতি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:০৭

ব্রাহ্মণবাড়িয়ার-৬ (বাঞ্ছারামপুর) আসনে সকাল থেকেই চোখে পড়ছে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি। অনেক কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারীদের উপস্থিতিই ছিল বেশি। বিশ্লেষকদের মতে, এই নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে জয়-পরাজয়ের নির্ধারক।

সকাল গড়াতেই বাঞ্ছারামপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা যায় দীর্ঘ সারি। তবে সেই সারিতে নারীদের উপস্থিতিই ছিল বেশি। ভোটারদের লাইনে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী নারীদের অপেক্ষা করতে দেখা যায়। বাঞ্ছারামপুর আসনের নারী ভোটারদের উপস্থিতি এখন বড় আলোচনার বিষয়। শেষ পর্যন্ত নারী ভোটই নির্ধারণ করবে কার মাথায় উঠবে জয়ের মুকুট।

স্থানীয়দের অভিমত, বর্তমানে নারী ভোটাররা আগের তুলনায় অনেক বেশি সচেতন। ফলে তাদের ভোটের প্রবণতা প্রার্থীদের ভাগ্য বদলে দিতে পারে। 
বাঞ্ছারামপুরে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন, নারী ১ লাখ ৪২ হাজার ৪১১ জন। এই আসনে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেক নারী ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। তাদের ভাষ্য, নিজের ভোটাধিকার প্রয়োগে তারা সচেতন এবং আগ্রহী। ভোট দেওয়া তাদের অধিকার। যে কারণে সকালেই চলে এসেছেন, যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন।

ফরদাবাদ গ্রামের শিউলি বেগম জানান, নতুন বাংলাদেশ গড়তে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই নারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে এসেছেন। তাদের চাওয়া এমন একটি সরকার হোক, যে সরকার নারীদের সম্মান, স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

দুর্গারামপুর গ্রামের শেফালী বেগম বলেন, ‘ফজর নামাজের সময় উঠে রান্নাবান্না শেষ করে ভোট দিতে চলে এসেছি। আমাদের কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। অনেকদিন পর নিজের ভোট দিতে পারছি নিশ্চিন্তে। আমার মতো অনেকেই এই কারণে ভোটকেন্দ্রে বেশি এসেছেন।’

নতুন কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আমির হোসেন জানান, সকাল থেকেই পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। বেলা ১২টা পর্যন্ত তার এখানে ৩৩ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে নারী ভোট বেশি।

কদমতলির মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার তপন চন্দ্র সূত্র জানান, তার কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৪৩ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই ভোটার উপস্থিতি অনেক ভালো। বিশেষ করে নারী উপস্থিতি অনেক বেশি। শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা।

আরও পড়ুন

×