গলাচিপায় দুপুর ২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ৪৮ শতাংশ
প্রতীকী ছবি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:০৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:১০
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। দুপুর ২টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ আসনে মোট ৬ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হন। তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সাবেক ডাকসু ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও জামায়াতে ইসলামীর অধ্যাপক শাহ আলমের মধ্যে।
এদিকে নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। নুর অভিযোগ করেন, ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হলেও কিছু কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাঁর কর্মীদের হুমকিধমকি দিয়েছেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন জানান, উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গণঅধিকারের নেতারা তাঁর সমর্থকদের হুমকি দিয়েছেন। নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উৎসাহ নিয়ে ভোটাররা ভোট প্রদান করছে। তেমন কোনো অনিয়মের অভিযোগ নেই।
- বিষয় :
- জাতীয় নির্বাচন
