ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এবি পার্টির চেয়ারম্যানের ওপর হামলার চেষ্টা, প্রধান এজেন্টকে মারধর

এবি পার্টির চেয়ারম্যানের ওপর হামলার চেষ্টা, প্রধান এজেন্টকে মারধর
×

মজিবুর রহমান মঞ্জু

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:১৫

ফেনী সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলাচেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

এবি পার্টির নেতাকর্মীরা জানান, দুপুরে মজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় ধানের শীষের কর্মী আব্দুল হান্নান ও শহীদের নেতৃত্বে একদল কর্মী তাঁর দিকে তেড়ে আসে। এ সময় মঞ্জুর সমর্থকরা মানববর্ম গড়ে তাঁকে রক্ষা করেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তালহা নামে এক ঈগল সমর্থককে মারধর করা হয়।

অপরদিকে ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় কেন্দ্রের কাছে মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট আ.ন.ম আব্দুর রহিমের ওপর বিএনপি সমর্থকদের হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঞ্জু সমর্থকদের দাবি, স্থানীয় বিএনপি ক্যাডার জামাই কামরুলের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জে ধানের শীষের কর্মীরা ঈগল মার্কার বেশ কয়েকজন সমর্থককে মারধর করে বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া শর্শদী ইউনিয়নের ঘাগরা এলাকায় হামলা এবং ফরহাদনগরের কালিদাস উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে  বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

এ বিষয়ে ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, ভোটগ্রহণ শুরুর পর যত অভিযোগ পেয়েছেন সব স্থানেই মোবাইল টিম পাঠানো হয়েছে। তবে কোথাও ভোটগ্রহণে সমস্যা হয়নি। মঞ্জুর প্রধান এজেন্টের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
 

আরও পড়ুন

×