ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আতঙ্কের জঙ্গলসলিমপুরে শান্তিপূর্ণ ভোট

আতঙ্কের জঙ্গলসলিমপুরে শান্তিপূর্ণ ভোট
×

সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর এস এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারীর ভিড়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:২০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:২৩

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটারেরা। এই আসনের ঝূঁকিপূর্ণ কেন্দ্র জঙ্গলসলিমপুর এস এম উচ্চ বিদ্যালয়েও ভোট উৎসব হয়েছে। এলাকাটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত। একাধিক বাহিনী নিয়ন্ত্রিত আতঙ্কের জনপদ এটি। গত জানুয়ারি মাসেও এখানে র‍্যাব কর্মকর্তা সন্ত্রাসীদের হাতে খুন হন।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাজী মোহাম্মদ সাঈদ বলেন, দায়িত্বপালনের আগে ঝূঁকিপূর্ণ এই কেন্দ্রের নানা তথ্য পেয়েছিলেন। ভয়ের মধ্যে থেকেও সাহস করে দায়িত্ব পালন করতে এসেছেন। কিন্তু বিদ্যালয়ের ভেতরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। কোনো প্রতিকূল পরিবেশের মুখমুখি হতে হয়নি। এ কেন্দ্রে ৭ হাজার ১১৬। বিকেল তিনটা পযন্ত ৪৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানান। সীতাকুণ্ডের ৪৮টি ঝূকিপূর্ণ কেন্দ্রর মধ্যে এটি ছিল প্রথম সারিতে।

এই কেন্দ্রের পাশে একটি দোকানের সামনে বসা বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বড় ভাই মোহাম্মদ আজম চৌধুরী বলেন, এখানে এখন কোনো বাহিনী বা সন্ত্রাসী নেই। এক সপ্তাহ ধরে মানুষ নির্ভয়ে-শান্তিতে নির্বাচনী কাজ করছে। উৎসবমুখর পরিবেশে ভোটরা ভোট দিচ্ছেন।

এদিন দুপুরের দিকে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদ উল্লাহ বলেন, এখানে মোট ভোটার ৪ হাজার ৮৬৯জন। বুথ ৮টি। দুপুর পর্যন্ত ভোট গ্রহণ হয় ১ হাজার ৭৫০টি।

পাশের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৯৬ জন। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ৯৫০টি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘলাইন।

ভাটিয়ারী ইমাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে একই চিত্র। নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গাজী মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ২ হাজার ৭৫৫ ভোটার রয়েছে। ৯প্রাথীর মধ্যে চারজনের এজেন্ট রয়েছে কেন্দ্রে।

এই আসনের প্রার্থীরা হলেন– বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক, নেজামিয়া ইসলাম পার্টির মোহাম্মদ জাকারিয়া খালেদ, বাংলাদেশ সুপ্রীম পার্টির শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মছিউদদৌলা, গণঅধিকার পরিষদের এ টি এম পারভেজ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা।

১৯৭৩ সালের প্রথম নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। ১৯৭৯, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির এল কে সিদ্দিকী, ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির মোহাম্মদ আইনুল কামাল, ১৯৯১ ১৯৯৬ ও ২০০৮ সালে আওয়ামী লীগের এবিএম আবুল কাশেম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দিদারুল আলম ও ২০২৪ সালের একই দলের নির্বাচনে এস এম আল মামুন এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

আরও পড়ুন

×