চট্টগ্রাম-১৫
চর দখলের মতো কেন্দ্র দখলের চেষ্টা করেছে জামায়াত, অভিযোগ বিএনপি প্রার্থীর
ছবি: ভিডিও থেকে নেওয়া
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:১৯
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের লোহাগাড়া আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর বুথে দুই ঘণ্টায় ভোট পড়ে মাত্র ৭৮টি। ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ করেছেন আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
তিনি এ কেন্দ্রের ভোটার। তিনি অভিযোগ করেন, জামায়াতের লোকজন চর দখলের মতো কেন্দ্র দখলের চেষ্টা করেছে আগের রাতে।
সকাল ৯টায় ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্রে জামায়াতের লোকজন বহিরাগতদের নিয়ে ভোট কেন্দ্র দখলচেষ্টা করে। প্রত্যেকটি জায়গায় দাঁড়ি পাল্লার লোকের সঙ্গে হাতাহাতি হচ্ছে। প্রশাসনের শক্ত অবস্থানের কারণে কিছু কিছু কেন্দ্র সমস্যা করতে পারেনি।
তিনি বলেন, আমার নিজ কেন্দ্র সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে ভোটারদের সারি থাকার পরও ভোটগ্রহণ ছিল ধীরগতি।
প্রতিবেদক দুপুর সাড়ে ১২টায় সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান। দেখা যায়, মাঠে নারী ভোটারের দুটো দীর্ঘ লাইন রয়েছে। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূরুল আবছার ভবনের নিচে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৬ হাজার ১৫ ভোট। মোট বুথ ১২টি। বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ২ হাজার ৬০৮। একটি কক্ষেই ধীরগতি হয়েছে। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।
- বিষয় :
- চট্টগ্রাম-১৫
- লোহাগাড়া
- ভোট
- বিএনপি
