এই বিজয় ব্যক্তিগত নয়, এটি জনগণের গণতান্ত্রিক অধিকারের বিজয়: জোনায়েদ সাকি
ফাইল ছবি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৬
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ ফল ঘোষণা করেন। এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
ফলাফল ঘেঁটে দেখা গেছে, মাথাল প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট। এই আসনের ৯৮টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৬০৩টি।
সেখানে মাথাল প্রতীকে জোনায়েদ সাকি ভোট পেয়েছেন ৯৪ হাজার ২৩১টি। এ ছাড়া পোস্টাল ব্যালটে জোনায়েদ সাকি পেয়েছেন আরও ১ হাজার ১১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন ভোট পেয়েছেন ৩৭ হাজার ৯৫৬টি। তিনি পোস্টাল ব্যালটে পেয়েছেন ২ হাজার ১১ ভোট। জোনায়েদ সাকি ৫৫ হাজার ৩৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী জোনায়েদ সাকি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়, এটি জনগণের ভোটের মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের বিজয়।
- বিষয় :
- জোনায়েদ সাকি
