রংপুর-৪ আসন
ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ বিএনপি প্রার্থীর, পাল্টা অভিযোগ বিজয়ী আখতারের
রংপুর অফিস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:৫৬
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। অপরদিকে পোস্ট দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ করেছেন বিজয়ী এনসিপি নেতা আখতার হোসেন।
শুক্রবার রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ফলাফল পুনর্গণনার আবেদন জমা দেন এমদাদুল হক ভরসা। তিনি অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ১১ দলীয় জোট-সমর্থিত এনসিপির প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
হারাগাছ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এমদাদুল হক ভরসা বলেন, ‘আমি শতভাগ আশাবাদী ছিলাম, জনগণের রায়ে বিজয়ী হবো। কিন্তু ভোটের দিন বিকেল ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রতিপক্ষের লোকজন মব সৃষ্টি করে এবং প্রশাসনের সহায়তায় ফলাফল পরিবর্তন করে নিয়েছে।’ তিনি বলেন, প্রায় ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে, যা সন্দেহজনক। পুনর্গণনা করলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি। সঠিক বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির পরাজিত এই প্রার্থী।
এদিকে শুক্রবার সন্ধ্যায় কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার হক বাজারে ভরসার সমর্থকরা ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছেন। তারা হারাগাছ-রংপুর সড়ক অবরোধ করে এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন। রাত ১০টা পর্যন্ত বিক্ষোভ চলতে দেখা গেছে। এ সময় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে সেখানে জড়ো হন। এমন ঘটনা ঘটেছে ওই আসনের পীরগাছা এলাকাতেও।
এদিকে, রাত সাড়ে ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াসহ রাতে রংপুর জুলাই চত্বরে এক সংবাদ সম্মেলনে এনসিপির বিজয়ী প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা হারাগাছ এলাকায় তার লোকজনের ওপর হামলা চালিয়েছে। আখতার দাবি করেন, মাইকিং করে এনসিপির কর্মীদের খুঁজে বের করে মারধর করা হচ্ছে, কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, এনসিপি নিজেরাই ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাত সাড়ে ১১টায় হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, হাজার হাজার লোক হারাগাছ-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এই অবস্থায় পুলিশের পক্ষে কোনো কিছু করার নেই। এ পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতনদের জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী, এই আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।
- বিষয় :
- রংপুর-৪
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
- ভোট
