ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বরগুনা-১ আসনে দুই প্রার্থী জামানত হারাচ্ছেন

বরগুনা-১ আসনে দুই প্রার্থী জামানত হারাচ্ছেন
×

ফাইল ছবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে জাতীয় পার্টি (জেপি) ও খেলাফত মজলিসসহ দুই প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের সাড়ে ১২ ভাগ না পাওয়ায় জামানত হারাচ্ছেন তারা।

বরগুনা-১ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. অলি উল্লাহ, বিএনপির ধানের শীষ প্রতীকের মো. নজরুল ইসলাম মোল্লা, খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের মো. জাহাঙ্গীর হোসাইন ও জাতীয় পার্টির বাইসাইকেল প্রতীকের মো. জামাল হোসাইন।

বরগুনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় দুটি আসন রয়েছে। এর মধ্যে বরগুনা-১ আসনে রয়েছে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা। তিন উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৮৮ হাজার ৪৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪ হাজার ৮০২টি ভোট বাতিল হয়।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অর্জিত ভোটের সাড়ে ১২ ভাগ ভোট হিসেবে ২৩ হাজার ৫৩৯ ভোট পাওয়ার কথা। নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলি উল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির মো. নজরুল ইসলাম মোল্লা। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৬ হাজার ১৪৫।

১২ ফেব্রুয়ারি ঘোষিত ফল অনুযায়ী খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসাইন ভোট পেয়েছেন ৬ হাজার ২৩২ ভোট। জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকের মো. জামাল হোসাইন ৯৮১ ভোট পেয়েছেন। নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

আরও পড়ুন

×