সিরাজগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ৩ জনের জামানত বাজেয়াপ্ত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৩১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৩৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুর রহমান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিলটন প্রামানিক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উল্লাপাড়ায় সর্বমোট ভোটার চার লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে ভোট পড়েছে তিন লাখ ৩৩ হাজার ৬৫টি। প্রদত্ত এই ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা তিন লাখ ২৭ হাজার ২৭৪টি। ভোটের শতকরা হার ৭০ ভাগ। প্রদত্ত এই ভোটের মধ্যে আব্দুর রহমান পেয়েছেন ২ হাজার ২১৬ ভোট, হিলটন প্রামাণিক পেয়েছেন ১ হাজার ২১৩ ভোট এবং আব্দুল হাকিম পেয়েছেন ৬৯৫ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার জানান, প্রচলিত নিয়মে কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। আর এই নিয়ম অনুযায়ী সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে উল্লিখিত ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
প্রসঙ্গত, এই আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান এক লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী বিএনপির এম আকবর আলী পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
