বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থী
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৪৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৪২
বাগেরহাটের চারটি আসনে এবার ২৩ জন প্রার্থী নির্বাচন করেছিলেন। আরপিও অনুযায়ী মোট বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশ না পেয়ে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। সংখ্যার হিসেবে অর্ধেকের বেশি এবং শতাংশের হিসেবে ৬০ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।
এর মধ্যে বাগেরহাট-১ আসনে ৬ জন, বাগেরহাট-২ আসনে ১ জন, বাগেরহাট-৩ আসনে ৩ জন এবং বাগেরহাট-৪ আসনে ৪ জন জামানত হারিয়েছেন।
বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এমএএইচ সেলিম, বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, বাংলাদেশ মুসলিম লীগের আঃ সবুর শেখ, বাংলাদেশ মুসলিম লীগের এমডি শামসুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি) মো. আমিনুল ইসলাম ও জাতীয় পার্টির স.ম. গোলাম সরোয়ার।
বাগেরহাট-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাড. আতিয়ার রহমান জামানত হারিয়েছেন।
অন্যদিকে বাগেরহাট-৩ স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এমএএইচ সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ জিল্লুর রহমান ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. হাবিবুর রহমান মাস্টার জামানত হারান।
এছাড়া বাগেরহাট-৪ আসনে জামানত হারান স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওমর ফারুক, জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আঃ লতিফ খান।
এর মধ্যে কাজী খায়রুজ্জামান শিপন প্রচার-প্রচারণা শেষে ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন নিজের ও দলীয় কর্মীদের জীবনের শঙ্কার কথা জানিয়ে নিজের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছিলেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
