ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন
×

নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পর্যবেক্ষক সুজান জিন্ডেল ও মো. মাসুক হায়দারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৫৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৫৮

স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ রোববার নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পর্যবেক্ষক সুজান জিন্ডেল ও মো. মাসুক হায়দারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে সারা দেশে তিনিই একমাত্র নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত করা হলেও পরবর্তীতে আদালতের রায়ে তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্য সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন না করায় প্রশাসক দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা স্থানীয় উন্নয়ন ও নাগরিক সেবাকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে তার সঙ্গে ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকার কথা থাকলেও কাউন্সিলর না থাকায় এত বড় শহরে সেবা প্রদান অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। একই দিনে নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুততম সময়ে চট্টগ্রামসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনের নির্বাচন প্রয়োজন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মেয়র বলেন, ‘২০০১ সালের পর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, ফলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এতে গণতন্ত্র ও উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়নের পথে এগিয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

সভায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জাতীয় আইনি কাঠামো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গণতান্ত্রিক মানদণ্ডের ভিত্তিতেই সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল্যায়ন করা হয়েছে। 

গত ১৪ ফেব্রুয়ারি ঢাকায় মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এতে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তারা।

আরও পড়ুন

×