চা বাগানের ৩৭৫ শিক্ষার্থীকে সৈয়দ শাফকাতের উপহার
ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:২৪
চা বাগান এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদ। তাঁর ব্যক্তিগত অর্থায়নে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭৫ শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে স্কুলের পোশাক বিতরণ করা হয়েছে।
রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব নতুন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নতুন ড্রেস পেয়ে আনন্দ প্রকাশ করে। অনেক অভিভাবক এ উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।
সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা বাগানের অধিকাংশ শিশুই নানা সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে। তাদের পরিবার দৈনন্দিন প্রয়োজন মেটাতেই হিমশিম খায়। ফলে সন্তানদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ জোগাড় করা কঠিন হয়ে পড়ে। তাঁর সাধ্যমতো এই শিশুদের পাশে থাকার কথা জানান শাফকাত আহমেদ। তিনি বলেন, চা শ্রমিক পরিবারের সন্তানরা পড়াশোনার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করবে। এটাই তাঁর প্রত্যাশা।
বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান বলেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ তাদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াবে। এ উদ্যোগে শ্রমিক পরিবারগুলো উৎসাহিত হয়েছে।
- বিষয় :
- উপহার
