সিকৃবিতে উপাচার্যের কক্ষে শিক্ষকদের বাগ্বিতণ্ডা, হাতাহাতি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৩১
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) উপাচার্যের কক্ষে কয়েকজন শিক্ষকের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষক মোহাম্মদ মাহবুব ইকবালকে মারধরের অভিযোগ উঠেছে।
শিক্ষকদের একাংশের অভিযোগ, উপাচার্য ড. আলিমুল ইসলামের প্রশাসনিক অনিয়মের প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হন মাহবুব ইকবাল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযোগ তোলা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসিম উদ্দিন আহমদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি আলিমুল ইসলাম।
হামলার ঘটনায় অধ্যাপক মাহবুব ইকবাল আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কৃষিবিদ্যা ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘তারা আমাকেও মারধর করেছে। আমরা উপাচার্যের বিভিন্ন প্রশাসনিক অনিয়ম ও প্রশ্ন-উত্তর প্রসঙ্গে দেখা করতে গেলে হঠাৎ আমাদের লক্ষ্য করে আক্রমণ করে উপাচার্যের লোকজন।’
এ ঘটনায় শিক্ষকদের একটি অংশ জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। অনেক শিক্ষক হামলাকে মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জানা যায়, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে অযোগ্য প্রার্থী নিয়োগ, পদোন্নতি থেকে শিক্ষকদের বঞ্চিত করা এবং প্রশাসনিক কাজে তাঁর স্বেচ্ছাচারিতা নিয়ে অসন্তোষ জমাট বেঁধেছে। সম্প্রতি এসব বিষয়ে প্রশ্ন তুললে তাঁর সঙ্গে অন্য শিক্ষকদের বাগ্বিতণ্ডা হয়।
অধ্যাপক মাহবুব ইকবাল বলেন, অনিয়মের প্রতিবাদ করতে গেলে উপাচার্য ও প্রক্টরের লোকজন তাঁকে মেরে রক্তাক্ত করেন।
তবে সিকৃবি উপাচার্য আলিমুল ইসলাম সমকালকে বলেন, তারা মব সৃষ্টির চেষ্টা করলে অন্য শিক্ষকরা প্রতিহত করতে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে কেউ কেউ আহত হন। এক পর্যায়ে তারা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। তখন প্রতিরোধ করতে গেলে তাঁর হাতের দুটো আঙুল আঘাতপ্রাপ্ত হয়।
