নদীতে পড়ে নিখোঁজ যুবলীগ সভাপতির মরদেহ উদ্ধার
চরফ্যাশন ( ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২০ | ০৭:৩২
বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ফয়েজ মাহমুদের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে বরিশালের ধপধপিয়া সেতু সংলগ্ন নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
ফয়েজ মহামুদ ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের সুলতান মাহমুদের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি।
জানা গেছে, বুধবার সকালে বরিশাল থেকে চিকিৎসা শেষে কীর্তনখোলা নদী পার হয়ে কাউয়ার চরঘাটে যাওয়ার সময় নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। এর পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড কর্মীরা ফয়েজকে উদ্ধার চেষ্টায় ব্যর্থ হন। রোববার সকালে বরিশালের ধপধপিয়া সেতুর সংলগ্ন নদীতে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বরিশাল বন্দর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বরিশাল বন্দর নৌ পুলিশের পরিদর্শক আল মামুন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ধপধপিয়া সেতু সংলগ্ন নদী থেকে নিখোঁজ ফয়েজের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
- বিষয় :
- বরিশাল
- ভোলা
- যুবলীগ সভাপতি
- মরদেহ উদ্ধার
- চরফ্যাশন
