জেদ্দায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ নিহত ৫
নিহত মিজানুর রহমান মিজান, মেহের আফরোজ ও জিলানী বাবর
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:১২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫১
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ওমরাহ পালন শেষে ফেরার পথে সেখানকার আবহা শহরে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন, মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী কন্যা সুবহা আক্তার। একই দুর্ঘটনায় প্রাণ হারান প্রাইভেটকারের চালক মো. জিলানী বাবর (৩০)।
গুরুতর আহত হয়েছেন মিজানের মেজ মেয়ে ফাইজা আক্তার (১১)। তাকে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মিজানুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে ৩ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে যান। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। খবরটি নিশ্চিত করেন নিহতের বড় ভাই বাহারুল আলম।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সৌদি আরব
- নিহত
- রামগঞ্জ
