মনোনয়ন না পাওয়া ইয়াছিন তিন মন্ত্রণালয়ের দায়িত্বে
আমিন উর রশিদ ইয়াছিন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩২
| প্রিন্ট সংস্করণ
রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সেটিই প্রমাণ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে প্রচারের মাঠ গরম করেন। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। সমর্থন দেন একই আসনে দলের প্রার্থী সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে। স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের অভিমত, নির্বাচনে শেষ সময়ে এসে দলের প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ায় ভাগ্য খুলে যায় হাজী ইয়াছিনের। টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পেয়ে যান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের।
দলীয় সূত্রে জানা যায়, হাজী ইয়াছিন দলের মনোনয়ন না পেয়ে অনুসারীদের মাঠের প্রচারে অব্যাহত রাখেন। পরে ঢাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তারেক রহমানকে কথা দিয়ে আসেন, দলের প্রার্থী মনিরুল হক চৌধুরীর সঙ্গে কাজ করবেন। গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা পিটু বলেন, গত প্রায় দেড় যুগ ধরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। হামলা-মামলার শিকার হয়েছেন। এবারের নির্বাচনে হাজী ইয়াছিনকে নিয়ে আমাদের সবার ঐক্যবদ্ধ চেষ্টায় এই আসনে বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয় হয়েছে। সেই বিজয়ের পর সদর আসন থেকে হাজী ইয়াছিন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী ইয়াছিন। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-কৃষিবিষয়ক সম্পাদক হন। পরে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন। ২০২২ সালের ৩০ মে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি। শপথ গ্রহণের পর রাতে ঢাকায় অবস্থানরত হাজী ইয়াছিন মোবাইল ফোনে সমকালকে বলেন, ‘তিনটি মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, সততার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশে নতুন এক দিগন্তের সূচনা করতে পারব।’
- বিষয় :
- মন্ত্রণালয়
