রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক
ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১২
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হয়ে পড়ায় উদ্ধারকাজে বিলম্ব হয়।
বৃহস্পতিবার ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে তেল নিয়ে আসার পথে আমনুরা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে জংশনগামী একটি তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়।
স্থানীয়রা জানান, আমনুরা স্টেশনের পাশেই তেলচালিত একটি বিদ্যুৎকেন্দ্রে আসছিল তেলবাহী ট্রেনটি। এ সময় লাইনচ্যুতি ঘটলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস (১৬ ডাউন), লোকাল ট্রেন পূর্ণভবা এবং রহনপুর কমিউটার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তবে বাইপাস দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। এদিকে এ ঘটনার খবর পেয়ে সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারকাজ শুরুর কিছুক্ষণের মধ্যে সেটিও লাইনচ্যুত হয়ে পড়ে। পরবর্তীতে রেলওয়ের কর্মকর্তাদের চেষ্টায় ট্রেনটি উদ্ধারের পর ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হয় এবং রহনপুর-রাজশাহী রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে আকস্মিক দুর্ঘটনার কারণে সকাল থেকেই সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। হাদিসুর নামের স্থানীয় এক ব্যক্তি জানান, লাইনগুলো জরাজীর্ণ হওয়ায় মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে এবং জনসাধারণ দুর্ভোগে পড়ছে। চলতি মাসেই ৩ দফা এ ধরনের ঘটনা ঘটেছে।
আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল সকাল ১০টা থেকে উদ্বারকাজ শুরু করে। দুপুর ৩টার কিছু পওে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, তদন্ত করে ঘটনার কারণ জানা হবে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- রেল যোগাযোগ
