দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:১৮
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যেন কোনো অপব্যয় না হয় তা সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ও কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। দায়িত্ব নেওয়ার পর শুক্রবার বিকেলে তার নিজ এলাকা কুমিল্লার বরুড়ায উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এই মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনা যায় এবং যতদূর সম্ভব কমিয়ে আনা যায়।
বিগত সরকার প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেদিনই লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেবো না। এটা আমার জন্য সুবিধা হয়েছে- অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।
নির্মাণ কাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্টগুলো পুনরায় শুরু হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মাত্র দুইদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারই নয়। আমরা চেষ্টা করব যেন কোনো অপব্যয় না হয়।
এর আগে বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
