ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঝালকাঠিতে চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে এমপির মাইকিং

মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি

ঝালকাঠিতে চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে এমপির মাইকিং
×

ছবি: সমকাল

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫৪

সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করে এ ঘোষণা প্রচার করা হচ্ছে। 

গত শুক্রবার ঝালকাঠি সার্কিট হাউসে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘোষণা দেন তিনি। শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হচ্ছে। তবে ঘোষণায় টেন্ডার সিন্ডিকেট বা টেন্ডারবাজির বিষয়ে কোনো কথা বলা হয়নি। 

গত কয়েকদিন থেকে মাইকিংয়ে প্রচার করা এ ঘোষণায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, নৈরাজ্যের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ঝালকাঠি ও নলছিটিবাসীর জন্য একটি বিশেষ বার্তা দিয়ে বলা হয়, এই আসনে কোনো চাঁদাবাজের ঠাঁই নাই। মানুষকে জিম্মি করে আমার অথবা দলীয় নাম ব্যবহার করে ফায়দা লুটতে চাইলে তাঁকে কঠোর হাতে দমন করা হবে। অন্যায়কারী যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের প্রতি রইল চরম হুঁশিয়ারি। এলাকায় কোনো মাদক ব্যবসা ও সেবন সহ্য করা হবে না। 

এ বিষয়ে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যারা খেটে খাওয়া মানুষ, তারাই ইলেন ভুট্টোকে চেয়েছে। সবার এমপি যখন আমি, তখন সবার চাওয়া-পাওয়াকে আগে গুরুত্ব দিব। সাধারণ মানুষের চাওয়া এটাই। তারা শান্তিতে থাকতে চায়। তাই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, নৈরাজ্যের পক্ষে আমি কারো কোনো সুপারিশ গ্রহণ করব না। আমি জনগণের কাছে এ বিষয়ে ওয়াদাবদ্ধ। 

তিনি বলেন, আমি কোনো টাকা খাব না। কেউ আমার সঙ্গে দেখা করতে এলে কোনো উজির-নাজির লাগবে না। সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবে। তাদের কথা শুনে তারা কি চায়, সমস্যা কি আমি সেটা জেনে কাজ করতে চাই। আমি কোনো অভিযোগ পেলে আগে নেতাকর্মীদের দিয়ে তদন্ত করব। পরে সত্যতা যাচাই-বাছাই করে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেব।

আরও পড়ুন

×