ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকারি গাড়ি ব্যবহার না করার ঘোষণা কৃষি মন্ত্রীর

সরকারি গাড়ি ব্যবহার না করার ঘোষণা কৃষি মন্ত্রীর
×

কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৪

সরকারি গাড়ি ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে। আগামীর বাংলাদেশ হবে বাক্‌স্বাধীনতা, সমৃদ্ধি ও ন্যায়ভিত্তিক অগ্রগতির বাংলাদেশ। এ লক্ষ্য সামনে রেখে কৃষি, শিক্ষা ও শিল্পসহ সব খাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। 

আজ শনিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, আমি মন্ত্রী হবো তা কখনো ভাবিনি। আমি আগেই অঙ্গীকার করেছি এমপি হলে যে সম্মানী পাবো, তা এই অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করব। এখন মন্ত্রী হয়েছি, আমি সেই অঙ্গীকারেই আছি। বর্তমানে আমি সরকারি গাড়িও ব্যবহার করি না, নিজের গাড়ি ও জ্বালানি ব্যবহার করছি। 

শিল্পায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কুমিল্লা তিনিই প্রথম রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেন, এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করা হবে। শিল্প ও কৃষির সমন্বিত বিকাশের মাধ্যমে কুমিল্লাকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

কুমিল্লাকে ব্যাংক ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়নের, এটা অনেক দূর এগিয়েছে। শিগ্‌গিরই ইনশাল্লাহ তা বাস্তবায়ন করতে কাজ করবো।  

মন্ত্রী বলেন, কুমিল্লার রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস। এ অঞ্চলে কৃষি উন্নয়নের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ড. আখতার হামিদ খান। তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ আজও দেশ-বিদেশে সমাদৃত। আধুনিক সেচব্যবস্থা ও সমবায়ভিত্তিক কৃষি উন্নয়নের সেই ধারা নতুনভাবে জাগ্রত করতে সরকার কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি নিজেও কৃষির সঙ্গে সম্পৃক্ত। মাঠের বাস্তবতা জানি। কৃষকবান্ধব নীতি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে কুমিল্লাসহ সারাদেশের কৃষিকে আরও শক্তিশালী করা হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত পরিকল্পনার কথাও জানান তিনি। 

মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে যে সবজি রপ্তানি হচ্ছে, তা মূলত বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের চাহিদা পূরণে সীমাবদ্ধ। তবে সরকার বিশ্ববাজারে প্রতিযোগিতামূলকভাবে বিশ্বমানের সবজি উৎপাদন ও বাজারজাতকরণের পরিকল্পনা গ্রহণ করেছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে সাংবাদিকরা দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখতে পারেন। 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন। 

এর আগে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার নেউরা এম আই উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ওই অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনির্মাতা। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে দেশ পাবে যোগ্য, মানবিক ও দক্ষ প্রজন্ম।

আরও পড়ুন

×