আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে এফডিএফের বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৫৬
শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বারোয়ারী বিতর্ক এবং আলোচনা সভার আয়োজন করেছে ফরিদপুর ডিবেট ফোরাম। শনিবার দুপুরে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে বারোয়ারী বিতর্ক এবং আলোচনা সভায় ফরিদপুর ডিবেট ফোরামের বর্তমান কমিটির সদস্যসহ ফরিদপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
সভায় বিতার্কিক মো সালাহউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, ফরিদপুর ডিবেট ফোরামের (এফডিএফ) উপদেষ্টা হাসানউজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের প্রভাষক রফিকুল ইসলাম ও নাট্যকুঞ্জ এর সভাপতি নিরব ইমতিয়াজ শান্ত।
বারোয়ারী বিতর্কের বিষয় ছিল- ‘ওরা আসবে চুপি চুপি..., তোর মুখের বানী আমার কানে লাগে..., মাগো, ওরা বলে সবার... কেড়ে নেবে’। এই তিনটা বিষয় থেকে প্রতিযোগিরা নিজ পছন্দের বিষয়ের ওপর বারোয়ারী বিতর্ক করেন।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশিতা সাহা, দ্বিতীয় স্থান অধিকার করেন ফরিদপুর জেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থী শামছিয়া আলিমা শ্রদ্ধা এবং তৃতীয় হয়েছেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর ডিবেট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মিয়া এবং ফরিদপুর ডিবেট ফোরামের সাবেক বিতার্কিক নির্ণয় মন্ডল (রাভী)।
বিতার্কিকেরা বলেন, ভাষা শহীদদের স্মরণে এমন আয়োজন প্রতিবছরই করা উচিত, যাতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হতে পারে।
অতিথিদের বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
- বিষয় :
- বিতর্ক প্রতিযোগিতা
- ফরিদপুর
