রূপগঞ্জে মন্দিরে হামলা লুটপাট, অগ্নিসংযোগ
শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের ক্ষতিগ্রস্ত প্রতিমা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৬
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মন্দিরে গভীর রাতে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রোববার মধ্যরাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট পশ্চিম মনিপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি কালিপদ দাস জানান, রাত পৌনে ১২টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মন্দিরে প্রবেশ করে। তারা মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা এবং চেয়ার, পাতিল, বৈদ্যুতিক লাইটসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। হামলাকারীরা প্রতিমার গায়ে থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। পরে কেরোসিন বা মবিল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে মন্দিরে অগ্নিসংযোগ করে। এতে মন্দিরের বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।
কালিপদ দাস আরও বলেন, ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী সিংলাব এলাকার জাকির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। এর আগেও বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন মন্দির কমিটির সভাপতি।
তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, ‘মন্দিরে হামলার সঙ্গে আমার বা আমার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। জমিসংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং আমি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান চাই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এ ঘটনার সঙ্গে আমার নাম জড়ানোর চেষ্টা করছে। প্রশাসন তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান বলেন, মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- মন্দির
